জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কনসার্টে রাজধানীতে মঞ্চ মাতাবেন জেমসসহ ৭ ব্যান্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবে নগর বাউল জেমসসহ দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই ওপেন এয়ার কনসার্ট আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হবে। প্রায় সাত ঘণ্টার এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে সহযোগিতা করছে ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কনসার্টে নগর বাউল জেমসের পাশাপাশি গান পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। অর্থাৎ একই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।
কনসার্টের খবর জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
কনসার্ট উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে একই পোস্ট শেয়ার করেছে মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজ।
অন্যদিকে নগর বাউল জেমস তার ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে...জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে একাধিক কনসার্ট স্থগিত হয়েছে। একই কারণে রাজধানীতে ওপেন এয়ার কনসার্টের আয়োজনও সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে এই আয়োজন কনসার্টপ্রেমীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।