১৫ অক্টোবর ২০২৬, ১৬:১৯

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

সালমান খান   © সংগৃহীত

বিয়ে না করার পেছনে অন্য কাউকে দায়ী করেন না বলিউড অভিনেতা সালমান খান। নিজের সিদ্ধান্তেই অবিবাহিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে বিয়ে না করলেও জীবনের কোনো একপর্যায়ে সন্তান হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।

‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন সালমান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। উপস্থাপক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের অবিবাহিত জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সালমান ও করণ পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। এ সময় তারা আলোচনা করেন, কীভাবে করণ জোহরের পরিচালিত প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন সালমান। সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে তিনি চিত্রনাট্যের দ্বিতীয় অংশও শোনেননি। এমনকি অতিথি চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিকও নেননি। সিনেমায় তার উপস্থিতি দর্শকদের বেশ ভালো লেগেছিল।

একপর্যায়ে তাদের আলোচনায় উঠে আসে বিয়ে না করার প্রসঙ্গ। আগের একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে করণ বলেন, আমির খান একবার বলেছিলেন, ‘আমি সালমানের হাত-পা বেঁধে তাকে বিয়ে করাব।’

এর জবাবে অন্য একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘আমি আমিরের হাত-পা বেঁধে নিশ্চিত করব, যাতে সে আর কখনো বিয়ে করতে না পারে।’

করণ জোহর বলেন, আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন, অথচ সালমান এখনো অবিবাহিত। এ প্রসঙ্গে সালমান বলেন, তিনি তার প্রিয় বন্ধুর জন্য খুশি। নিজের অবিবাহিত জীবন নিয়েও সন্তুষ্ট তিনি। সালমানের ভাষায়, ‘আমি ভালো আছি।’

একপর্যায়ে করণ সরাসরি সালমানকে প্রশ্ন করেন, ‘আপনি কি এখনো কুমার?’ প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে সালমান তার বাবা সেলিম খানের দেওয়া একটি পরামর্শের কথা তুলে ধরেন।

সালমান বলেন, তার বাবা ব্যক্তিগত জীবনকে শোবার ঘরের সঙ্গে তুলনা করতেন। আর বসার ঘরকে তুলনা করতেন পুরো দেশের সঙ্গে। বসার ঘরে বসে যে কথা বলা যায়, তা পুরো দেশের সামনেও বলা যায়। কিন্তু শোবার ঘরের ব্যক্তিগত বিষয় বসার ঘরে নিয়ে আসা উচিত নয়।

নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না বলে জানান সালমান। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কারণ, আপনি কখনোই জানেন না, এই মানুষটি আপনার জীবনে বাকি জীবন থাকবে কি না। আবার এমনও হতে পারে, সেই মানুষটি অন্য কাউকে বিয়ে করে ফেলল।’

আলাপচারিতার একপর্যায়ে করণ জোহর জানতে চান, জীবনসঙ্গী না থাকায় সালমান কখনো একাকিত্ব অনুভব করেন কি না। করণ নিজেও কখনো কখনো এমন অনুভূতির কথা জানান।

জবাবে সালমান বলেন, করণের জীবনে তার দুই সন্তান ও মা রয়েছেন। তাই তার নিজেকে একা মনে করা উচিত নয়। নিজের ভবিষ্যৎ নিয়েও এ সময় কথা বলেন তিনি। সালমান বলেন, ‘জীবনের কোনো একপর্যায়ে আমার সন্তান হবে।’

করণকে পরামর্শ দিতে গিয়ে সালমান বলেন, ‘আপনাকে কেউ থামায়নি। আমাকেও কেউ থামায়নি। আপনি নিজেই নিজেকে থামিয়েছেন, আমিও নিজেকে থামিয়েছি। তাই আমি এটা বলে অভিযোগ করতে পারি না যে আমি এটা চেয়েছিলাম, কিন্তু পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেছে। আর সে কারণেই আমি কোনো জীবনসঙ্গীর সঙ্গে থাকতে পারিনি।’

সালমান আরও বলেন, অবিবাহিত থাকা ও বিয়ে না করার সিদ্ধান্ত তার নিজের। এ জন্য অন্য কাউকে দায়ী করতে চান না তিনি। নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগও নেই তার।

সালমানের ভাষায়, ‘আমি কাউকে দোষ দিতে পারি না। এটা আমার সিদ্ধান্ত, আর আমি আমার এই সিদ্ধান্তে খুশি। তবে হ্যাঁ, সন্তান হবে।’