০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ্রি, থাকছে পুরস্কার জেতার সুযোগ

স্টার সিনেপ্লেক্স  © সংগৃহীত

দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের পথচলার ২২ বছর পূর্ণ হচ্ছে আজ। বিশেষ এই দিনটি দর্শকদের সঙ্গে উদ্‌যাপন করতে দারুণ এক অফার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় কাউন্টার থেকে যে কোনো সিনেমার একটি টিকিট কিনলে সঙ্গে আরেকটি টিকিট ফ্রি পাওয়া যাবে। তবে অফারটি শুধু ওই এক দিনের জন্যই প্রযোজ্য। শুধু টিকিটের অফারই নয়, দর্শকদের জন্য থাকছে আরো একটি পুরস্কার জেতার সুযোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফারের জন্য যেতে হবে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে। সেখানে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করে জিতে নেওয়া যাবে একটি বিনা মূল্যের মুভি ভাউচার।

প্রতিষ্ঠানটির ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, ভালো সিনেমার জন্য দর্শকরা সব সময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সব সময় হলে ভিড় লেগে থাকুক।

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এর মধ্য দিয়ে দেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় আসে বড় পরিবর্তন। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শব্দব্যবস্থাসহ নানা সুবিধা নিয়ে অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমণ্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও রয়েছে প্রতিষ্ঠানটির শাখা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়াও চলছে।