২১ আগস্ট ২০২৬, ০৭:৫১

ইতালির হোটেল রুম নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস 

হোটেল নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস  © সংগৃহীত

ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে সেখানকার একটি অভিজাত হোটেলের কক্ষ নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় রেখে আসার অভিযোগ নিয়ে এবার সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা নগরবাউল জেমস। আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

রোমের হোটেলের কক্ষ নিয়ে উঠে আসা বিতর্কের বিষয়ে জেমস স্পষ্টভাবে জানান, যে কক্ষটি নোংরা করার কথা বলা হচ্ছে, সেখানে তিনি অবস্থান করেননি। বিষয়টি ব্যাখা করে এই শিল্পী বলেন, তিনি অবস্থান করছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, আর যে কক্ষটির ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে সেটি ছিল ৫৪৯ নম্বর রুম। উক্ত কক্ষে তাদের দলের একজন তরুণ অতিথি গিটারিস্ট অবস্থান করছিলেন। বিষয়টি সম্পর্কে তিনি মন্তব্য করেন, এটি কোনো বড় বিষয় নয়। হোটেল পরিষ্কার করাই মূল নিয়ম হলেও সংশ্লিষ্ট তরুণ সদস্য তা পরিষ্কার করেননি।

এর আগে গত ১৬ আগস্ট রোমে জেমসের কনসার্ট শেষ হওয়ার পর হোটেলের একটি কক্ষের নোংরা ও অগোছালো অবস্থার কিছু ছবি ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। সেখানে অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো ফি পরিশোধের কথা জানায় হোটেল কর্তৃপক্ষ। শুরুতে জেমসের মুখপাত্র ও ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বিষয়টি স্পষ্ট করেন। তবে পরে ভেনিসে সংবাদ সম্মেলনে জেমস নিজে উপস্থিত থেকে বিষয়টি পুনর্ব্যক্ত করায় রোম বিতর্কের অবসান ঘটেছে বলে করছেন জেমস ভক্তরা।