জাতীয় চিড়িয়াখানায় আনা হলো নতুন ৪ প্রাণী
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি ও দর্শনার্থী আকর্ষণে দক্ষিণ আফ্রিকা থেকে চারটি নতুন প্রাণী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আনা প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই অংশ। তিনি বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরো সমৃদ্ধ হবে।
আরও পড়ুন: কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে-স্কেল কমিটি বৈঠকে বসছে আজ
জানা যায়, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম অ্যান্টিলোপ বা হরিণজাতীয় প্রাণীগুলোর মধ্যে অন্যতম। আর ওয়াইল্ডবিস্ট আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী একটি সুপিরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী।
প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরো পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চিড়িয়াখানাকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক (উত্পাদন) ডা. মাহফুজার রহমান, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, কিউরেটর ডা. হাবিবুর রহমানসহ চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।