০৫ জুন ২০২৬, ১৬:৪৬

মা হলেন চিত্রনায়িকা বুবলী, জানালেন ২৬ দিন পর

শাকিব খান ও বুবলি  © সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আজ শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বুবলী ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন। 

বুবলীর পোস্টে জানানো হয়, ১১ মে, ২০২৬ তারিখে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। অর্থাৎ, ২৬ দিন আগে তিনি কন্যার জন্ম দেন। তার নাম রেখেছেন শারলিন খান। শাকিব-বুবলীর সংসারে শেহজাদ খান বীর নামে এক ছেলেও রয়েছে। সেটি তাদের ঘরের প্রথম সন্তান।

বুবলীর এই আকস্মিক ও আনন্দদায়ক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

নবজাতক কন্যা ও বুবলীর পরিবারের জন্য অনেকেই সামাজিক মাধ্যমে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। এর আগে এই তারকা দম্পতির ‘শেহজাদ খান বীর’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। বুবলীর এই নতুন পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।