২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩

গল্প শেষে বের হতেই লুটিয়ে পড়েন, প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্টে ড্রাগন ফলের প্রতিক্রিয়া, অতঃপর..

সোহেল খান  © সংগৃহীত

হঠাৎ না ফেরার দেশে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। বগুড়ায়া শুটিংয়ে গিয়ে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ও অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানিয়েছেন তার সহশিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগের মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন জয়। তিনি জানান, ‌‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন-এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে  ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। এই গল্পটা  মৃত্যুর কিছু ঘন্টা আগের। আমার চোখের সামনে সোহেল খান এবং মুকিত জাকারিয়া। গল্প হচ্ছিল। 

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। দীর্ঘ অভিনয়জীবনে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেতা। তার স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আকস্মিক এই মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মিডিয়ায় দুই দশকের সোহেল 
মিডিয়ায় সোহেল খানের যাত্রা শুরু প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন।

সোহেল খানের অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন।