২২ নভেম্বর ২০২৬, ১৮:৫১

‘কোনো বাংলাদেশিকে সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’— ক্ষোভ ঝাড়লেন ফাহাম আব্দুস সালাম

ফাহাম আব্দুস সালাম  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেমকে ব্যবহার করে প্রতিযোগীদের পক্ষে ভোট চাওয়ার সমালোচনা করেছেন লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম। তাঁর অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতায় একজন নারীর সৌন্দর্য ও ব্যক্তিত্বের পরিবর্তে জাতীয় পরিচয় ও পতাকাকে প্রাধান্য দিয়ে ভোটারদের প্রভাবিত করা হয়।

রবিবার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে দেশের পতাকার রং খচিত পোশাক পড়ে ফেসবুকে পোস্ট করেন সামিরা খান মাহি; যিনি বর্তমানে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬। একইসঙ্গে তিনি পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তবে সামিরার পোশাক ও স্ট্যাটাসের পরই ফাহাম এমন লিখেছেন তা তিনি স্পষ্ট করেননি।

স্ট্যাটাসে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘বাংলাদেশীদের কোনো সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না। নারীপ্রেম কম— দেশপ্রেম চাগায় উঠে বেশি। এমন একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করা হবে যে; একটা ছেলে সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলতে পারবে না; ভালোবাসতে হবে বাংলাদেশের পতাকাকে। যেন আপনার দায়িত্ব সুন্দরীদের মাঝে লাল-সবুজ পতাকাওয়ালা মেয়েটাকে ভোট দেওয়া। তারপর দুগ্গা এসএমএস দিন বলে ভিক্ষা করবে। 

ছেলেরা ডোন্ট মাইন্ড যে, একটা সুন্দরী মেয়ে কোন দেশ, জাতি বা ধর্মের। তার এই অসাম্প্রদায়িক নারীপ্রেমের মধ্যে বিভক্তিমূলক দেশপ্রেম ও ঔচিত্যবোধ ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের বিউটি পেজেন্টরা। ও ছেলেদের হৃদয়কে কলুষিত করেছে। গরীবরা এমনিভাবে সব কিছুর এসেন্স ধ্বংস করে দেয়।’

এর আগে নিজের ফেসবুকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া সামিরা খান মাহিরা তার ফেসবুকে স্ট্যাটাসে‌ লেখেন, অপরিসীম ভালোবাসা ও গর্বের সঙ্গে আমি আমার জাতীয় পোশাকটি উপস্থাপন করেছি, যার মূল ভাবনা ছিল— “মাতৃত্ব: ভালোবাসার এক সার্বজনীন বন্ধন।”

তিনি লিখেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই পোশাকটি ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ—একজন মা ও তাঁর সন্তানের মধ্যকার চিরন্তন বন্ধনকে উদ্‌যাপন করে। এর প্রতিটি নকশা ও অলংকরণ বহন করে নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের অপূর্ব যাত্রার গল্প। এর বৃত্তাকার নকশা প্রতীকীভাবে জীবনের অন্তহীন চক্র এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান সেই অটুট বন্ধনকে তুলে ধরে।

বিশ্বমঞ্চে নতুন লুকে সামিরা

সামিরা লিখেন, ‌‘আমার কাছে এটি শুধু একটি পোশাক ছিল না। এটি ছিল প্রতিটি মায়ের প্রতি হৃদয়ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি—তাঁদের অসংখ্য ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা এবং সেই মমতার প্রতি শ্রদ্ধা, যা আমাদের জীবনকে গড়ে তোলে। আমার প্রিয় বাংলাদেশ থেকে বিশ্বব্রহ্মাণ্ডের মঞ্চে আমি বয়ে নিয়ে গিয়েছি এমন এক ভালোবাসার গল্প, যে ভালোবাসা আমাদের সবাইকে একসূত্রে বেঁধে রাখে।

মিস ইউনিভার্সের মঞ্চে আমার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত!