১৮ আগস্ট ২০২৬, ২১:২৯

কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ

কেমব্রিজ ইন্টারন্যাশনাল  © সংগৃহীত

ও লেভেল এবং আইজিসিএসই পরীক্ষার ফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টায় বিশ্বব্যাপী এই ফল প্রকাশ করা হয়। কেমব্রিজের ওয়েবসাইট এবং ব্রিটিশ কাউন্সিলের বিশেষ পোর্টাল থেকে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।

কেমব্রিজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছর জুনে ও লেভেলে এবং আইজিসি‌এস‌ই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাপী ৩ লাখ ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।

এর মধ্যে ১৪৩টি দেশের ৪ হাজার ৪৫৮টি স্কুল থেকে কেমব্রিজ আইজিসিএসই পরীক্ষায় অংশ নেন প্রায় ২ লক্ষ ৪৮ হাজার শিক্ষার্থী। আর তাদের নিবন্ধনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৫৭ হাজার। আর ও লেভেল পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৮ দেশের ১ হাজার ১৫৬ স্কুলের ৬৭ হাজার শিক্ষার্থী। এই পরীক্ষায় নিবন্ধন ছিল ২ লাখ ৩১ হাজার।

কেমব্রিজ আইজিসিএসই পরীক্ষায় সর্বাধিক জনপ্রিয় ৫টি বিষয় হচ্ছে গণিত, পদার্থবিদ্যা, প্রথম ভাষা হিসেবে ইংরেজি, রসায়ন এবং জীববিদ্যা। অপরদিকে ও লেভেল পরীক্ষায় সর্বাধিক জনপ্রিয় বিষয় ছিল ইংরেজি ভাষা, গণিত, পাকিস্তান স্টাডিজ, ইসলামিয়াত এবং দ্বিতীয় ভাষা হিসেবে উর্দু।

এক বিবৃতিতে কেমব্রিজ ইন্টারন্যাশনালের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন কেমব্রিজ আইজিসিএসই এবং ও লেভেলের সব শিক্ষার্থীকে ফলাফল প্রকাশের দিনে জানাই শুভেচ্ছা। তোমাদের পড়াশোনার সময়ে তোমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছ, পাশাপাশি শক্তিশালী দক্ষতা ও অধ্যয়ন অভ্যাস গড়ে তুলেছ, যা ভবিষ্যতে উন্নতি করতে সাহায্য করবে। তোমাদের পরবর্তী পদক্ষেপের জন্য শুভকামনা রইল।

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলে ও লেভেল পরীক্ষা। কেমব্রিজের নিয়ম অনুযায়ী ও লেভেলের আগেই উচ্চ মাধ্যমিক সমমানের এ লেভেল এবং এএস লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট এ লেভেলের ফলাফল প্রকাশিত হয়েছিল।