১১ আগস্ট ২০২৬, ২২:৫০

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যাথ ম্যাজিক্স’ উদ্বোধন

সিএস‌ইসি ম্যাথ ম্যাজিক্স ২০২৬  © সৌজন্য প্রাপ্ত

গাণিতিক প্রতিভা অন্বেষণ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং গণিতকে আনন্দময় ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে (সিইএসসি) শুরু হয়েছে দুই দিনব্যাপী মেগা গণিত উৎসব ‘সিএস‌ইসি ম্যাথ ম্যাজিক্স ২০২৬’। উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজনটির বর্ণাঢ্য উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

সিইএসসি ম্যাথ ক্লাব আয়োজিত গণিত উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাস্তর বিবেচনায় পুরো আয়োজনকে কিডস (কে), প্রাইমারি (পি), জুনিয়র (জে), সিনিয়র (এস) এবং হায়ার সেকেন্ডারি (এইচ‌এস)—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মোট ১০টি প্রতিযোগিতার মধ্যে উদ্বোধনী দিনেই ৮টি ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল—ম্যাথ অলিম্পিয়াড, জ্যামিতি ড্যাশ, ম্যাথ রিলে, ম্যাথ মিম, পোস্টার ডিজাইনিং, টিক ট্যাক টো এবং রুবিক্স কিউব। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও মেধার প্রতিফলনে পুরো ক্যাম্পাস পরিণত হয় গণিতের এক প্রাণবন্ত উৎসবস্থলে। উদ্বোধনী দিনেই সাবমিশনভিত্তিক ইভেন্ট এবং ম্যাথ রিলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দ্রুত চিন্তন এবং দলগত কাজের সক্ষমতা বিকাশে প্রতিযোগিতাগুলো বিশেষ ভূমিকা রাখে।

এছাড়া আগামী ১৩ আগস্ট সমাপনী দিনে থাকছে বিশেষ আয়োজন। এদিন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান। সমাপনী দিনে এইচ‌এস ক্যাটাগরির জন্য ‘ইন্টিগ্রেশন বি’ এবং কে ক্যাটাগরির জন্য ‘ম্যাথ রিডল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবমিশনভিত্তিক বিভিন্ন কাজের প্রদর্শনীও থাকবে। 

আয়োজন সম্পর্কে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের কাছে গণিতকে শুধু একটি একাডেমিক বিষয় হিসেবে নয়, বরং আনন্দ, সৃজনশীলতা ও চ্যালেঞ্জের মাধ্যমে শেখার একটি আকর্ষণীয় ক্ষেত্র হিসেবে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা জানান, এ ধরনের আয়োজন সফলভাবে বাস্তবায়নে অধ্যক্ষের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের পাশাপাশি সিই‌এসসি ম্যাথ ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ক্লাবের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।