২৯ নভেম্বর ২০২৬, ১৫:০৯

পবিপ্রবির প্রশাসনিক ভবন থেকে ৫ লাখ টাকার ক্যাবল চুরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনের ভেতর থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিব মিয়া বাদী হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের সাবস্টেশন থেকে পুরোনো আন্ডারগ্রাউন্ড ক্যাবল প্রকৌশল বিভাগের ভাণ্ডারে সংরক্ষণের জন্য আনা হয়। তবে ভাণ্ডারে জায়গা না থাকায় ক্যাবলটি প্রকৌশল বিভাগের করিডোরে রাখা হয়েছিল।

গত ১৯ নভেম্বর সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ কিবরিয়া করিডোরে রাখা 1C-4 x 120sqmm Cable NYY-এর ৫০ মিটার ক্যাবল দেখতে পান। ক্যাবলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

পরে ২২ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সেখানে গিয়ে ক্যাবলটি আর দেখতে পাননি তিনি। বিষয়টি নিরাপত্তা শাখাকে জানানো হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে দেখা যায়, ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে দুই ব্যক্তি ও তাঁদের সহযোগীরা ক্যাবলটি নিয়ে যাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, ওই স্থান থেকে এর আগেও দুই দফায় একাধিক মালামাল চুরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, এসব চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভেতরের লোকজন জড়িত থাকতে পারেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।