৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, ফেডারেশনের পতাকা ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অতিথি ও খেলোয়াড়দের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “ব্যাডমিন্টন কেবল একটি খেলা নয়; এটি ক্ষিপ্রতা, ধৈর্য, কৌশল, শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অসাধারণ সমন্বয়। কোর্টের প্রতিটি পয়েন্টের লড়াইয়ে খেলোয়ারদের যে উদ্দীপনা ও নিষ্ঠা দেখা যায়, তা আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে। ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় ও পরিমণ্ডল থেকে আসা এই প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের এক নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আগত অতিথি ও খেলোয়াড়দের যথাযথ সম্মান ও আপ্যায়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে অতীতের কোনো বিষয় সামনে না এনে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার অন্যতম সেরা একটি আসর উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতি উপহার দেওয়া যায়। আগত সবাই সুস্থ ও নিরাপদ থাকুক এবং ভালো খেলুক-এই প্রত্যাশা করি।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলা পরিচালনা ও বাইলজ উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা টিম ম্যানেজার ও কোচরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।