২৭ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

এবার সড়ক অবরোধ করলেন চুয়েট শিক্ষার্থীরা 

কাপ্তাই সড়ক অবরোধ করেছে চুয়েট শিক্ষার্থী  © সংগৃহীত

উপাচার্য নিয়োগ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। উপাচার্য নিয়োগের চলমান বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট চুয়েটের মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কাপ্তাই সড়ক প্রায় ৩০ মিনিট বন্ধ থাকায় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেককে হেঁটে আন্দোলনস্থল পার হতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থী মোতাহের হোসেন জানান, প্রায় ৩০ মিনিট ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি দীর্ঘায়িত করা হয়নি। শিগগিরই দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এর আগে একই দাবিতে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভায় বৃহস্পতিবার আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের সমাধান হয়নি। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।