২৬ নভেম্বর ২০২৬, ১৫:০৩

ক্যাম্পাসে প্রবেশে বাধা, বাইরে থেকেই প্রশাসনিক জট খুলছেন চুয়েট উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ও চুয়েট লোগো  © সংগৃহীত

ক্যাম্পাসে প্রবেশের সুযোগ না পেলেও বাইরে থেকেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। চলমান অচলাবস্থার মধ্যেই শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের ছাড়পত্র, চিকিৎসার ছুটি এবং পদোন্নতিসংক্রান্ত জরুরি দাপ্তরিক কাজগুলো নিষ্পত্তি করছেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চয় বড়ুয়া উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার ছাড়পত্র চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জির ‘স্ট্র্যাটেজিক স্কলারশিপ-২০২৬’-এর আওতায় পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

বিভাগীয় প্রধানের মাধ্যমে পাঠানো ওই আবেদনে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৪৪তম সিন্ডিকেট সভায় তার শিক্ষাছুটি অনুমোদিত হয়। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটির শুরুর তারিখ ৯ নভেম্বর পুনর্নির্ধারণ করে কর্তৃপক্ষ। আগামী ২৬ নভেম্বর থেকে মারডক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে যোগদানের লক্ষ্যে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদানের জন্য উপাচার্যের অনুমোদন চেয়েছেন এই শিক্ষক।

অন্যদিকে, স্ত্রীর উন্নত চিকিৎসার সহযাত্রী হিসেবে ভারত যাওয়ার অনুমতি চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক। আবেদনে তিনি উল্লেখ করেন, স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে তার সঙ্গে ভারতে যাওয়া অত্যন্ত জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি (২০২৭) পর্যন্ত ৩০ দিনের অর্জিত ছুটি মঞ্জুরের পাশাপাশি বিদেশ গমনের অনুমতি চেয়েছেন তিনি।

বিদেশ গমনের অনুমতির পাশাপাশি শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। চুয়েটের গণিত বিভাগের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির (ডিপিসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগের দুই প্রভাষক মোহাম্মদ শাহনেওয়াজ ভূইয়া (আবেদন ৯ নভেম্বর) এবং মো. মামুন সরকারের (আবেদন ১৫ নভেম্বর) সহকারী অধ্যাপক পদে আপগ্রেডিংয়ের আবেদন পর্যালোচনায় ১৯ নভেম্বর বিভাগীয় প্রধানের কক্ষে ডিপিসির সভা আহ্বান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বিদেশে উচ্চ শিক্ষায় এনওসি দেওয়াসহ তাদের সমস্যার সমাধান করা আমার দৈনন্দিন রুটিনের কাজ। শিক্ষক শিক্ষার্থীদের কল্যানে আমি কাজ করার জন্যই এখানে এসেছি। 

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা, যাতে পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন।

টানা ৩৬ দিন অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হলেও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।