ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে পূর্ণকালীন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দুটি বিভাগে চারটি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে মাস্টার অব সায়েন্স ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইঞ্জিনিয়ারিং) এবং মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অন্যদিকে, ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার অব সায়েন্স ইন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইঞ্জিনিয়ারিং) এবং মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জি) প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি ওয়েবসাইট (https://pgadmission.uftb.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার সময় সব পাবলিক পরীক্ষার সনদ ও ট্রান্সক্রিপ্ট, গ্রেডশিট বা মার্কশিটের স্ক্যান কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র বা চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি যোগ্যতা, আবেদন জমা, ভর্তি পরীক্ষা এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
এ ছাড়া ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ ছাড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিষয়ভিত্তিক সমতুল্যতার (ইকুইভ্যালেন্স) সনদ জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।