পাবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদককে মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের সহযোগিতায় পাবনা এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।
এর আগে সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাতভর দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হলের একটি সিটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করলে শাখা ছাত্রদলের সাধারন সম্পাদকের নেতৃত্বে মারধর করার অভিযোগ উঠে। এতে তিনি আহত হলে তাঁকে পাবনার এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।
এদিকে একই ঘটনায় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে পাবনা এসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রুমেল হোসেন বলেন,‘গতকাল জুলাই-৬ হলের একটি কক্ষের সিটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আমার বন্ধু ইমরান ছুরিকাঘাতে আহত হলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা নিরস্ত্র অবস্থায় বাইরে থেকে ক্যাম্পাসে ফিরে নিজ নিজ হলে অবস্থান করি। এ সময় একটি পক্ষের সহযোগিতায় বহিরাগতরা অস্ত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করে এবং হলের নিচতলায় হল প্রভোস্টের সামনে আমার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যার প্রমাণ ভিডিও ফুটেজেও রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটুক। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাবিপ্রবি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলবে এবং আইনসম্মতভাবে দাঁতভাঙা জবাব দেবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, যেহেতু একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, অবশ্যই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা তাৎক্ষণিকভাবে ভিসি স্যারকে জানিয়েছি। আজকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা আছে এবং প্রভোস্টদের সাথে তিনি (ভিসি) বসে মিটিং করেছেন।