অচলাবস্থা নিরসনে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। আগামী বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধিদলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এতে আরও বলা হয়, চুয়েটে চলমান অস্থিরতার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাগুলো শিক্ষক সমিতির সদস্যদের অবহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
সভায় শিক্ষক সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।