২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫

সাময়িক বহিষ্কার, তবু ক্লাস-ইন্টার্নশিপ ও পরীক্ষার ফরম পূরণ বুটেক্সে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)।  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সাময়িক বহিষ্কৃত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া, ইন্টার্নশিপ সম্পন্ন করা এবং পরীক্ষার ফরম পূরণের তথ্য পাওয়া গেছে। এতে ঘোষিত শাস্তি কার্যকর না হওয়া এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর ওপর হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ১৭ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানানো হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণ বণিক ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভাষ্য অনুযায়ী, সাময়িক বহিষ্কারাদেশ বহাল থাকাকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাঁদের জবাব পাওয়ার পর একটি কমিটির মাধ্যমে সেগুলো যাচাই-বাছাই করে সিন্ডিকেট সভায় চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো মেয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ।

তবে সাময়িক বহিষ্কারের আদেশ থাকা সত্ত্বেও বর্ষণ বণিকের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে। তিনি আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস এপিলিয়ন গ্রুপে তাঁর একাডেমিক ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। তাঁর অধ্যয়নরত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি ক্লাস পরীক্ষাও দিচ্ছেন। এমনকি আসন্ন চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে বিভাগে জমাও দিয়েছেন।

এ বিষয়ে বর্ষণ বণিকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকের কাছে এসব তথ্যের সত্যতা স্বীকার করেন। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, “যেহেতু প্রক্টরিয়াল বডি শাস্তি দিয়েছে, তাই প্রক্টরিয়াল বডির এখানে শাস্তি কার্যকর হচ্ছে কিনা তা মনিটরিং করা উচিত ছিল। আমাদের কাছে অভিযুক্তের ক্লাস,পরীক্ষা কিংবা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় আমরা তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।”

অন্যদিকে একই ঘটনায় সাময়িক বহিষ্কৃত মাজেদুল ইসলাম প্রান্ত বর্তমানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সঙ্গে রি-অ্যাড শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেননি। তবে চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করে বিভাগে জমা দিয়েছেন।

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা বলেন, “আমি প্রক্টরের সাথে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেছি। শাস্তিপ্রাপ্ত অবস্থায় সে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আমাদের পক্ষ থেকে ফরম পূরণ করা বিষয়গুলোর পরীক্ষায় তাঁকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর ফর্ম পূরণ করার বিষয়টি আমাদের উপর নেই এবং এখন টাকা ফেরত পাবে কিনা সেটা রেজিস্ট্রার অফিস সিদ্ধান্ত নিবে।”

এদিকে হামলার ঘটনার ১৪০ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত না আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের শাস্তির ঘোষণা থাকলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভুক্তভোগী ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী এ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “বুটেক্সে প্রায় তিন বছর ধরে আছি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের চাপ ছাড়া প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখিনি। ভবিষ্যতেও দেখব বলে মনে হয় না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, তা অনেকটা অনুমেয় ছিল।”

একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান বলেন, “অপরাধের পর সাময়িকভাবে শাস্তির বিধান করা হলেও প্রকৃতপক্ষে সেই শাস্তি এখনো কার্যকর হয়নি। আমাদের চাওয়া বেশি কিছু না, যে অপরাধ করবে সে শাস্তি পাবে—এটুকুই তো। এতটুকু যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। আমরা সকলেই চাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকুক।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "শুধু শাস্তির ঘোষণা দিলেই বিচার নিশ্চিত হয় না; ঘোষিত শাস্তির যথাযথ বাস্তবায়নও জরুরি। দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থাও কমছে।"

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার ফি পরিশোধের সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস দপ্তরের সহকারী অ্যাকাউন্টস অফিসার মো. হেলাল মৃধা বলেন, “একাডেমিক দপ্তর থেকে পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে পাঠানো হয়। সেই তালিকা সোনালী ব্যাংকে পাঠানোর পর শিক্ষার্থীরা অনলাইনে ফি পরিশোধের সুযোগ পায়। বর্ষণ বণিকের নাম তালিকায় থাকায় তিনি ফি দিতে পেরেছেন। তবে রিটেক পরীক্ষা সবার জন্য উন্মুক্ত। কাউকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে হবে।”

সাময়িক বহিষ্কারাদেশ বহাল থাকা অবস্থায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “সাময়িক বহিষ্কার বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত প্রতিটি বিভাগ, অনুষদ, ডিন, পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে এবং সবাই এই বিষয়ে অবগত। কেউ ফর্ম পূরণ করে থাকলেও বহিষ্কারাদেশ বহাল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিস থেকে কার্যকর করতে হবে।”

চূড়ান্ত শাস্তির বিষয়ে প্রক্টর বলেন, “আনুমানিক দুই মাস আগে প্রক্টরিয়াল বডি থেকে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তাঁরা অনেকেই উত্তর দেয়নি। আর জরিমানা বিষয়সহ সবার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জরিমানা না দিয়ে কেউ মূল কিংবা সাময়িক সনদ নিয়ে বের হতে পারবে না। কারণ এই হিসাবটা আমরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দিয়ে দেবো।”

শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, “এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। এক্ষেত্রে ধাপে ধাপে কাজ করতে সময় প্রয়োজন হয় এবং সিন্ডিকেট হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে।”