২৩ নভেম্বর ২০২৬, ২১:৩১

নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি

নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি  © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন-২০২৭-এর তারিখ এগিয়ে আগামী ২১ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৪ জানুয়ারি শবে বরাতের সম্ভাব্য সরকারি ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়। আজ সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সবার সহযোগিতায় নির্ধারিত সময়ে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।”

এবারের সমাবর্তনের বিশেষ আয়োজন সম্পর্কে অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের রাষ্ট্রপতি পদক দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা এই পদক পাবেন।

সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে উপাচার্য বলেন, “পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের খবর দেশবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি সমাবর্তনের প্রচার-প্রসারেও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ ক্যাম্পাসে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।