২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি

জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি  © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও প্রক্টরকে অপমান, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। একই সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। আজ সোমবার ( ২৩ নভেম্বর) উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে অভিযুক্ত শিক্ষকের নিয়োগসংক্রান্ত বিতর্ক ও অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হুদার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। গত ২২ নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত সভায় ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকাশ্য সভায় সিনিয়র শিক্ষক ড. আব্দুস সাত্তারকে 'তুমি' বলে সম্বোধন, অপমানজনক ভাষায় কথা বলা এবং অবসরে পাঠিয়ে দেওয়ার হুমকি-ধমকি দেওয়া হয়।

এ ছাড়া প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ড. নাজমুল হুদার বিরুদ্ধে। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, তিনি প্রক্টরকে 'তুই-তোকারি' করে সম্বোধন করেন এবং কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

অভিযোগপত্রে ড. নাজমুল হুদার নিয়োগপ্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, যথাযথ বিধিবিধান অনুসরণ করে তাঁর নিয়োগ সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাঁর বেতন-ভাতা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনি প্রচার অভিযান 'Road to Smart Bangladesh'-এর প্রশিক্ষক ও প্রচারক হিসেবে তাঁর ভূমিকা এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও প্রামাণ্য নথির ভিত্তিতে পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

এদিকে আজ দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে সৈয়দ নাজমুল হুদাকে বের করে দেন। তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।  এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা নাজমুল হুদার অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে বহিষ্কারের জন্য উপাচার্য বরাবর দাবি জানান। 

এ বিষয়ে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন,‘স্মারকলিপি দিছে এটা তো আমি জানি না। গতকালকে যে ঘটনাটি সংগঠিত হয়েছে ওইটা আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের একটা আহ্বায়ক এবং সদস্য সচিবদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা, কথা হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময় বা একে অপরের প্রতি যদি কোনো বিষয় থাকে সেটা ওখানে শেষ হয়েছে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় ও ভাইস চ্যান্সেলর স্যার সেখানে এসে বিষয়টি ওখানে শেষ করে দিয়েছিলেন। আজকে যে ঘটনাটি ঘটছে এটা সম্পূর্ণ অনভিপ্রেত। তবে প্রক্টর যেহেতু বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার দায়িত্বে, তার উপস্থিতিতে এবং তার নেতৃত্বে এরকম ধরনের ঘটনাটি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।’

স্মারকলিপিতে প্রতিবাদকারী শিক্ষকবৃন্দ অভিযোগগুলোর তদন্তে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট সভার ভিডিও বা অডিও রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ, ইউজিসির নির্দেশনার সত্যতা ও বর্তমান প্রশাসনিক অবস্থা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন, বিধি ও চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ড. আব্দুস সাত্তার ও ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ সংশ্লিষ্টদের সম্মান, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য এর আগেও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে হুমকি এবং মারধরের অভিযোগ ছিল ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে।