গোবিপ্রবিতে ঝোড়ো হাওয়ায় উল্টে গেল ছাত্রলীগের টাঙানো শেখ মুজিবের নামের ব্যানার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে ছাত্রলীগের নেতাকর্মীদের টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামসংবলিত ব্যানারটি ঝোড়ো হাওয়ায় উল্টে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানারটির এমন চিত্র দেখা যায়।
বুধবার টাঙানোর পর থেকে ব্যানারটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঝুলছিল। তবে শুক্রবার দুপুরে ঝোড়ো হাওয়ার কারণে সেটি উল্টে যায়। এতে ব্যানারের সামনের অংশের পরিবর্তে পেছনের অংশ দৃশ্যমান হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানারটি টাঙিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেলযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন।
পরে তাঁরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামফলকের উপর পূর্ববর্তী নামসংবলিত ব্যানারটি টাঙিয়ে দেন। নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।