অসুস্থদের চিকিৎসা নেই, খাবারের বাজেটও শেষের পথে—সেন্টমার্টিনে দুশ্চিন্তায় জাবিপ্রবির ৩১ জন
বৈরী আবহাওয়া ও সমুদ্রে বিশাল ঢেউয়ের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ শিক্ষক-শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া এক শিক্ষার্থীও রয়েছেন। তবে সমুদ্র উত্তাল থাকায় দ্বীপ ছেড়ে টেকনাফে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না তিনি। এদিকে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচের বরাদ্দ প্রায় শেষ হয়ে আসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা।
আটকে পড়াদের মধ্যে দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে আটকা পড়েন তাঁরা।
বিভাগের সভাপতি মো. অলিউল্লাহ চৌধুরী জানান, আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে মোজাহিদ সিফাত নামে একজন দুর্ঘটনায় পায়ের হাঁটুর প্যাটেলা (Patella) ডিসলোকেশনে আক্রান্ত হয়েছেন। পা ভেঙে যাওয়ায় তাঁর চিকিৎসা প্রয়োজন হলেও সমুদ্রে বড় বড় ঢেউ থাকায় সেন্টমার্টিন থেকে টেকনাফে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এখনো চিকিৎসা নিতে পারেননি তিনি।
এদিকে দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করতে হওয়ায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য বরাদ্দ করা অর্থ প্রায় শেষের দিকে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের থাকা-খাওয়া এবং অন্যান্য জরুরি ব্যয় নির্বাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন তাঁরা।
এর আগে বিভাগের পক্ষ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও চেয়েছে বিভাগ।
সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের ফেরা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা না।