১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৯

সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, ফুরিয়ে আসছে খাবারের বাজেট

আটকা পড়া শিক্ষক-শিক্ষার্থী  © সংগৃহীত

বৈরী আবহাওয়া ও জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ শিক্ষক-শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন শিক্ষক এবং ২৯ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। আটকে পড়াদের মধ্যে মোজাহিদ সিফাত নামে এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। এদিকে খাবারের জন্য বরাদ্দকৃত বাজেটও প্রায় শেষের দিকে। কবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ব্যাচ ট্যুরে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে আটকা পড়েন তাঁরা।

সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, ‘আমরা গত মঙ্গলবার সেন্টমার্টিনে এসেছি। আজ বৃহস্পতিবার ফিরে যাওয়ার কথা থাকলেও গতকাল বুধবার রাত ৮টার দিকে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। এতে আমরা আটকে গেছি। বিষয়টি আগে জানানো হলে আমরা সেন্টমার্টিন আসার জাহাজের টিকিট বাতিল করতাম।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু হঠাৎ জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত জানানোয় আমরা বিপাকে পড়েছি। শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর জানানো হয়েছে।’

এ বিষেয়ে বিভাগের সভাপতি মো. অলিউল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সমাজকর্ম বিভাগের ৩১ জন শিক্ষার্থী ও শিক্ষক বর্তমানে সেন্টমার্টিনে আটকে আছি। আগামীকালও কোনো জাহাজ চলাচল করবে না বলে জানতে পেরেছি। পরবর্তী সময়ে কবে জাহাজ চলাচল শুরু হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমাদের একজন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়ে হাঁটুর প্যাটেলা (Patella) ডিসলোকেশনে আক্রান্ত হয়েছে। মোজাহিদ সিফাত নামে ওই শিক্ষার্থীর পা ভেঙে গেছে। এছাড়া ফেরার জন্য বিভিন্ন স্থানে আমাদের পূর্বনির্ধারিত টিকিট কাটা রয়েছে, যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, আমাদের খাবারের জন্য বরাদ্দকৃত বাজেটও প্রায় শেষের দিকে। সবকিছু মিলিয়ে আমরা বেশ উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এমন পরিস্থিতিতে কীভাবে এবং কখন ফিরতে পারব, তা নিয়ে আমরা সত্যিই অনিশ্চিত।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘আমরা ২০২১-২২ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা ব্যাচ ট্যুরে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিনে আসি। আমাদের ফেরার কথা ছিল ১৯ নভেম্বর। কিন্তু আবহাওয়া খারাপের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় আমরা দ্বীপে আটকে আছি।’

এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সমাজকর্ম বিভাগ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন বিভাগের চেয়ারম্যান।