পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল এবং সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখেই আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সুতরাং এইচএসসির পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং স্লাপ্লিমেন্টারি শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কারণ, তাদের রেজাল্ট ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আমাদের ভর্তি কার্যক্রম জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত চলবে। ফলে শিক্ষার্থীরা আবেদন করার সময় পাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি।
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন মিটিংয়ে ছিলাম, তখন আদালতের রায়টি সামনে আসে। খবরটি দেখার পরই তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করি। আমাদের তারিখ আগে ১৬ জানুয়ারি নির্ধারণের বিষয়ে আলোচনা ছিল। রিটের বিষয়টি জানার পর আমরা ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করি।’
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন আদালত।
বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এবারই সর্বোচ্চ আবেদন জমা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের কাজ শেষ করার কথা।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি আগেই ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
হাইকোর্টের আদেশের ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার ছিল।