চবির হীরকজয়ন্তীর উৎসবে সবার ছুটি, নেই নিরাপত্তাকর্মীদের
পাহাড়ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে চলছে হীরকজয়ন্তীর উৎসব। বর্ণিল সাজসজ্জা, অতিথি-দর্শনার্থীদের পদচারণা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উচ্ছ্বাসে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। এই উৎসব উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কিন্তু এই উৎসবের ভিড়েও একদল মানুষের ছুটি নেই। তারা ব্যস্ত সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা দেখে নিরবচ্ছিন্ন নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন চবির নিরাপত্তারক্ষী থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরাও।
জানা গেছে, হীরকজয়ন্তী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।
নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের পক্ষে শাহেদুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তাকর্মীরা সর্বদা মাঠে রয়েছেন। সবাই যেন নির্বিঘ্নে উৎসবের আয়োজন উপভোগ করতে পারেন, সে জন্য শত কষ্টের মধ্যেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা, সব কষ্ট ও ক্লান্তিকে আনন্দের সঙ্গে মিশিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব। হীরকজয়ন্তীর এই আয়োজন সবার কাছে স্মরণীয় হয়ে থাকুক। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাচল করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’