আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক
পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। ২০২৭-২৮ মেয়াদের জন্য এ নির্বাচন গত ১২ নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ দুজন শিক্ষকের নির্বাচিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নির্বাচিত হন। তাদেরই প্রধান প্রতিদন্দী ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. আকতার হোসেন, যিনি অ্যাবের সদস্য হওয়ার পরও এ্যাব সমর্থিত প্যানেলের বিপক্ষে নির্বাচনে প্রাথী ছিলেন যা প্রকৌশলীদের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছিলো। নির্বাচনে অ্যাব সমর্থীত প্যানেলের মুল প্রতিদন্দী ছিল জামায়াত সমর্থিত ওয়ান আইইবি প্যানেল।
স্থানীয় নির্বাচন কমিটির ফলাফল বিবরণী অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৯৪ জন ভোটার।
এ ছাড়া আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও তড়িৎকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।
নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারসহ রুয়েটের নির্বাচিত শিক্ষকরা বিএনপির নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২৬ মেয়াদে আইইবির রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট—ইআরএম) সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণ ও প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় পরিচালিত এ আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ছিলেন ৩৪ হাজার ১৩১ জন। কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র জমা পড়ে। আইইবির নিবন্ধিত ফেলো ও সদস্যরা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। ভোট গ্রহণে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিটভিত্তিক ব্যালট পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি বিদেশে অবস্থানরত বা দূরবর্তী এলাকার যোগ্য সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
একই দিনে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সাতটি প্রকৌশল বিভাগ, উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং স্থানীয় কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হয়।
আইইবির সদর দপ্তরসহ দেশের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, আশুগঞ্জ, ঘোড়াশাল ও রাঙ্গাদিয়া। এ ছাড়া সাভার, টাঙ্গাইল, কুষ্টিয়া, নোয়াখালী, চাঁদপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় উপকেন্দ্র রয়েছে। ঢাকায় ভোট গ্রহণের জন্য ৬০০টির বেশি পোলিং বুথ স্থাপন করা হয়েছিল।
নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।