তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশাসনের
তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রতিযোগিতার জন্য তারা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির প্রকল্প হাতে নিয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেমন মৎস্যজীবীদের পাশে দাঁড়াই, বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসি, তেমনি দেশের মেধাবী সন্তানদের পাশেও থাকতে চাই। কারণ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ।’
টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন।
দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে তাদের উদ্ভাবিত ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলতেও সক্ষম হবে।
ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি। এটি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে।
ভবিষ্যতে এই প্রযুক্তি কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।