চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। এতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত জরুরি। কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে এসব বৈশ্বিক সংকট সমাধান করা সম্ভব নয়।’
আন্তর্জাতিক সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘একটি টেকসই ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোর মতামত ও স্বার্থের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, মডেল ইউনাইটেড নেশনস তরুণদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব এবং ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তোলে। ডেলিগেটদের কেবল বক্তব্য উপস্থাপনে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান অনুসন্ধানে মনোযোগী হতে হবে। এ জন্য নিজ নিজ দেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।
এ ছাড়া স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন—এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম রাখা হয়েছে। সেগুলো হলো— জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (UNCSTD), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA), জাতীয় সংসদবিষয়ক কমিটি (JASA) এবং আন্তর্জাতিক প্রেস (IP)।
এসব কমিটি ও ফোরামে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়ে সমসাময়িক বিশ্বরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও জাতীয় নীতিনির্ধারণের নানা বিষয় নিয়ে আলোচনা ও বিতর্কে অংশ নেবেন।