১০ নভেম্বর ২০২৬, ২২:৪০

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৩০তম বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিমে শক্তি, ডিমে পুষ্টি, ডিমে আছে রোগমুক্তি’।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. আতিকুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬ এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বিশ্ব ডিম দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার ওপর গুরুত্বারোপ করেন।"

বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার প্রতিদিন ডিম খাওয়ার উপকারিতা ও ডিমের পুষ্টিগুণ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ বিষয়টির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই সেরাটা উদ্ভাবন করতে চাই। যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সার্বজনীন নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল লক্ষ্য। এভাবেই দেশকে এগিয়ে নিতে চাই।