০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার  © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এ দায়িত্ব দেওয়ার আগে তার সঙ্গে কোনো আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’

দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানের কারণে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম তার অনুপস্থিতিতে অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এক ই-মেইল বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এ দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ইমেইল লিখলেই কী আমি এ দায়িত্ব পালন করব? আমি উনাকে মুঠোফোনে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’

এর আগে, রোববার (১ নভেম্বর) দুপুরে এক ই-মেইল বার্তায় এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে।

ওই ই-মেইল বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম জানান, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের এ দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেন উপাচার্য।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় অবস্থান করব। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার রুটিন দায়িত্ব পালন করবেন।’