‘আল্লাহ আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে’
আরবি বিভাগের অধ্যাপক হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
তিনি বলেন, অনেকে বলে ছবিরুল ইসলাম ভিসি হইলো কেমনে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে, কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নিজের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ফেসবুক পুরা আগুন, পত্রপত্রিকায় জ্বলছে। বিভিন্ন মানুষ এখান থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী—কিছু লোকের মধ্যে খালি জ্বালা-যন্ত্রণা।
তিনি আরও বলেন, আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে, আল্লাহ নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করবো না।