১৩ অক্টোবর ২০২৬, ১৬:২১

যবিপ্রবি ছাত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপান করে প্রেমিক শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন  © সংগৃহীত

​প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার ৯ দিন পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।​ নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায় এবং তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

​বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার বাসিন্দা বাঁধনের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী এবং তার এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথাকাটাকাটি ও মান-অভিমান হয়। তার ব্যবহৃত মোবাইলে এর কল রেকর্ড ও মেসেজ পাওয়া গেছে।

​বাঁধনের সহপাঠীদের সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় বিষপান করেন শাহরিয়ার। প্রাথমিক অবস্থায় তিনি বিষয়টি সহপাঠীদের জানাননি। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে বিষপানের বিষয়টি জানতে পেরে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে ৯ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

এ বিষয়ে ​রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা বিভাগের শিক্ষকরা খবর পেয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি।’

​তিনি আরও জানান, ‘যতটুকু জানি যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্কের কলহ থেকেই বিষপান করেছে। এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন ইঁদুরের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সে সময় ৪-৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’