১২ অক্টোবর ২০২৬, ১৯:২৮

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের

চুয়েট লোগো  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ করে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক অসহযোগিতা ও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।

আজ সোমবার (১২ অক্টোবর) চুয়েট অডিটোরিয়াম হলে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় উপাচার্যকে নিতে হবে।

এর আগে চুয়েট ক্যাম্পাসে চলমান আন্দোলনের মধ্যে আজ দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তারা বাইরে থেকে কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেন। এতে উপাচার্য ভেতরে আটকা পড়েন।

সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে ক্যাম্পাসে আসেন অধ্যাপক শরীফুল। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে জরুরি বৈঠকে বসে সমিতি তিনটি (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি)। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বহিরাগতদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তার দায় উপাচার্যের ওপর বর্তাবে। দাবি আদায়ে আমরা পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগিতার ডাক দিচ্ছি।