১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

রুয়েটে চালু হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে জার্মান ও জাপানিজ ভাষা

রুয়েট ক্যাম্পাস   © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জার্মান ও জাপানিজ ভাষা শেখার সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসারে, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম জরুরি সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্যোগটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন, যা উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তাদের দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।

গত শনিবার (১০ অক্টোবর) সকালে রুয়েট উপাচার্যের সম্মেলনকক্ষে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের ইনচার্জ অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমির ফাহমাদ চৌধুরীসহ সিন্ডিকেটের সদস্যরা।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইউজিসির নির্দেশনা অনুযায়ী পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর বিষয়টিও আলোচনায় আসে। প্রাথমিকভাবে জার্মান ও জাপানিজ ভাষার কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্বায়নের এ সময়ে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি এবং আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের ক্ষেত্রে বিদেশি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে জার্মানি ও জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট ভাষা জানা শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে।

রুয়েটে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ভাষা শেখার সুযোগ বাড়বে। পাশাপাশি প্রকৌশল জ্ঞানের সঙ্গে ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রস্তুত করা এবং উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে নতুন সুযোগ তৈরির পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে।