বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। তদের মধ্যে গোবিপ্রবির দুই শিক্ষক হলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। অন্যদিকে, ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী মো. আরাফাত হোসেন, মো. শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরীও এ তালিকায় স্থান পেয়েছেন।
তালিকায় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলামের বাংলাদেশের মধ্যে অবস্থান তৃতীয় এবং বিশ্ব র্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭। তার গবেষণার উপক্ষেত্র মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। অন্যদিকে, গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব র্যাঙ্কিং ২ লাখ ২৯ হাজার ৭৮৪। তার গবেষণার প্রধান ক্ষেত্র পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান এবং উপক্ষেত্র ফলিত পদার্থবিজ্ঞান। এ উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ৪ হাজার ২৬৪।
তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরাফাত হোসেনের বিশ্ব র্যাঙ্কিং ৩ লাখ ১৯ হাজার ৮৩৫। তার গবেষণার উপক্ষেত্র ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি। এ উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ২ হাজার ৭৭৮।
আরও দেখুন: পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল ভূঁইয়ার বিশ্ব র্যাঙ্কিং ৪ লাখ ৪১ হাজার ৪৯। তার গবেষণার উপক্ষেত্র মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। এ উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ২ হাজার ৫৭০।
এ ছাড়া একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরীর বিশ্ব র্যাঙ্কিং ১৪ লাখ ১২ হাজার ৩৮০। তার গবেষণার উপক্ষেত্রও মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। এ উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ১১ হাজার ৩৪৫।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পাশাপাশি তিন শিক্ষার্থীর এ অর্জন গোবিপ্রবির গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।