ব্যাংক ঘেরাওয়ের পর চুয়েট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ
দাবির মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের হস্তক্ষেপে বেতন-ভাতা আটকে যাওয়ার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা। এর দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়।
চুয়েট কর্মচারী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘চুয়েটের চিরচায়িত নিয়ম অনুসারে কম্পট্রোলার ও সহ-কম্পট্রোলার স্বাক্ষরেই বেতন ভাতা দেওয়া হতো। কিন্তু এবার নতুন উপাচার্য বেতন আটকে দিয়েছিলেন। এর প্রতিবাদে আমরা ব্যাংক ঘেরাও করে অবস্থান নিই। তবে কিছুক্ষণ আগে আমাদের বেতনের মেসেজ এসেছে। আমাদের দাবির মুখে চুয়েটের চিরচায়িত নিয়ম অনুসারেই আমরা বেতন দেওয়া হয়েছে।’
সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক বলেন, ‘কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাসহ বাকি সবার বেতনই আজকে পরিশোধ করা হবে।’
এর আগে গত বুধবার সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপককে বেতন সংক্রান্ত বিষয়ে ই-মেইল দেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। উপাচার্যের পূর্বানুমোদন ছাড়া ব্যাংকে বেতনের বিল পাঠানোকে অননুমোদিত ও বেআইনি উল্লেখ করে তিনি চুয়েট আইন ২০০৩-এর ধারা ১৩(৭) এর কথা উল্লেখ করেন। তার দাবি, উপাচার্যের সুস্পষ্ট অনুমোদন ছাড়া যেকোনো আর্থিক লেনদেন আইনত অবৈধ।
উপাচার্যের ওই ই-মেইলের পরই বেতন-ভাতা আটকে যায় বলে জানিয়েছিলেন সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক। তিনি বলেছিলেন, ‘বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখান থেকেই সমাধান আসবে।’
আরও দেখুন: অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
এদিকে বেতন-ভাতা আটকে যাওয়ার প্রতিবাদে আজ সকালে ব্যাংক ঘেরাও করে অবস্থান নেন চুয়েটের কর্মচারীরা। পরে তাদের বেতন পরিশোধ করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পরে একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যান। আজ টানা ১৬ দিনের মত এই কর্মসূচি চলছে। এতে চুয়েটে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।