০৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার্যের সংবর্ধনা

উপাচার্য কর্তৃক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান  © টিডিসি ফটো

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান উপাচার্য। এ সময় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

সুপারিশপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।

শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি গোবিপ্রবির আইন বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। তোমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।’

আরও দেখুন: নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮তম জুডিশিয়ারিতে গোবিপ্রবি আইন বিভাগের ৫ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় মাইলফলক।