০৩ অক্টোবর ২০২৬, ১৭:১৬

শাবিপ্রবির হলে বিদ্যুতের হাই ভোল্টেজে নষ্ট অসংখ্য ইলেকট্রনিক সামগ্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো ও শাহ পরান হল  © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক শাহপরান হলে হঠাৎ মাত্রাতিরিক্ত বৈদ্যুতিক ভোল্টেজের (হাই ভোল্টেজ) কারণে ইলেকট্রিক্যাল লাইনে ভয়াবহ ত্রুটি দেখা দেখা দেয়। এতে হলের অসংখ্য কক্ষের ফ্যান, লাইট, চার্জার, মাল্টিপ্লাগসহ ব্যবহারিক ইলেকট্রনিক সামগ্রী পুড়ে বিকল হয়ে গেছে বলে জানিয়েছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা। এমনকি হলের ডাইনিংয়ের ওভেন নষ্ট হয়ে গেছে বলেও জানা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর) আনুমানিক বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, হলের বৈদ্যুতিক লাইনে হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ চলে আসায় একে একে বেশ কয়েকটি ব্লকের কক্ষে ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায় এবং সকেটে থাকা মাল্টিপ্লাগ, মোবাইল চার্জার, লাইট ও ফ্যান মুহূর্তের মধ্যেই পুড়ে নষ্ট হয়ে যায়। সৌভাগ্যবশত এতে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড বা প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে শিক্ষার্থীদের অনেকের মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হলের সার্বিক বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত এই ত্রুটি মেরামতসহ ক্ষতিপূরণের দাবি জানান।

আবাসিক হলের এ ব্লকের দ্বিতীয় তলায় অবস্থানরত শিক্ষার্থী সৈকত বলেন, ‘আনুমানিক ৩টার দিকে আমি শুয়েছিলাম। হঠাৎ কারেন্ট চলে যাওয়ার পর প্রায় ২০ মিনিট পর আবারও আসে। এরপর আমার ফ্যান অন্যদিনের তুলনায় বেশি গতিতে চলছিল। ফ্যানের গতিনিয়ন্ত্রক চাকা ঘুরিয়েও কোনো কাজ হচ্ছিল না। তখন কিছুক্ষণের মধ্যেই আমার টেবিলের লাইট পুড়ে ল্যাপটপের উপর পড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমাদের রুমের পাশে ওয়াশরুমের লাইট বিকট শব্দে ফুটে যায়। এই ধরনের সমস্যা আমার আশেপাশের প্রায় সবার রুমেই হয়েছে। আমাদের এসব ক্ষতিপূরণ কে দেবে?’

একই ধরনের অভিযোগ জানিয়েছেন হলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন মাহমুদ বলেন, ‘কোন কারণে এমন হয়েছে এখনো বলতে পারছি না। তবে হঠাৎ হয়তো ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে।’

এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আজ বৈদ্যুতিক লাইনগুলোর মেরামতের কাজ চলছে। তবে এরকম দুর্ঘটনা ঘটে থাকলে খুবই দুঃখজনক। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখছি কেন এমনটা হলো।’