২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবিরতিতে চুয়েট কর্মকর্তা সমিতি

অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি।  © টিডিসি ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি। তবে জরুরি সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কর্মকর্তা সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি এবং চুয়েট শিক্ষক সমিতির গৃহীত সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

কর্মকর্তা সমিতির বিবৃতিতে বলা হয়, চুয়েট পরিবারের সম্মানিত সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি।

বিবৃতিতে সংগঠনটি আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পারস্পরিক মর্যাদা ও শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা সকলের দায়িত্ব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা ও উন্নতি বজায় রাখতে এবং উদ্ভূত পরিস্থিতির দ্রুত, যথাযথ ও কার্যকর নিষ্পত্তি একান্তভাবে কাম্য।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চুয়েট শিক্ষক সমিতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়। শিক্ষক সমিতির ওই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে এবার কর্মবিরতির ঘোষণা দিল চুয়েট কর্মকর্তা সমিতি।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. ইকরাম বলেন, আমাদের চুয়েট একটা পরিবার। ছাত্ররা শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষকরাও কর্মবিরতি দিয়েছেন। আমরাও তাই তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছি।