কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল হাসান রামিম কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী।
রাকিবুল হাসান জানান, কুয়েটের মেইন গেটের পাশে তার এক সাবেক শিক্ষার্থীর কাছে টিউশন বাবদ টাকা পাওনা ছিল। সেই টাকা নিতে বিকেলে মেইন গেট এলাকায় যান তিনি। টাকা নিয়ে শহরের দিকে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য রওনা হলে একদল ছেলে তার পথরোধ করে। টিউশনের শিক্ষার্থী একজন মেয়ে হওয়ায় তারা তার সঙ্গে ওই শিক্ষার্থীর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তিনি জানান, বিষয়টি তাদের জানানোর পরও ওই ব্যক্তিরা তাকে গালাগালি শুরু করে এবং একপর্যায়ে তাকে ‘নেশাখোর’ আখ্যা দিয়ে মারধর করে তার থেকে জোরপূর্বক ইয়াবা সেবনকারী হিসেবে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া বিষয়টি জানাজানি হলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রাকিবুলের।
রাকিবুলের অভিযোগ ওই সব বখাটেকে ছেলেদের মাঝেমধ্যেই কুয়েটের সেন্ট্রাল ফিল্ডে খেলাধুলা করতে দেখা যায়।
এ ঘটনায় কুয়েট প্রশাসনের পক্ষ থেকে রাকিবুলকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কাছে এবং ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে রাকিবুল জানান, ক্যাম্পাসের পুলিশ ফাঁড়িতে অভিযোগ নেওয়া হয়নি। এ জন্য তিনি খান জাহান আলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
কুয়েট প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাস প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতেও কুয়েটের একাধিক শিক্ষার্থী ক্যাম্পাস-সংলগ্ন ফুলবাড়ীগেট এলাকায় বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছেন। তবে এসব ঘটনায় যথাযথ বিচার বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।