‘তোমার ভিসি, আমার ভিসি; সায়েম স্যার, সায়েম স্যার’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়েটের সকল আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল বের করা হয়।
মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে মিলিত হয়ে ‘তোমার ভিসি, আমার ভিসি; সায়েম স্যার, সায়েম স্যার। উই ওয়ান্ট সায়েম স্যার’ ইত্যাদি ধ্বনিতে স্লোগান দেয়। সকল শিক্ষার্থীদের সম্মিলিত মিছিলটি চুয়েটের যানবাহন শাখা সংলগ্ন সড়কটি প্রদক্ষিণ করে বাস্কেটবল মাঠে মিলিত হয়।
সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে পরবর্তী দিনের দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়াও প্রতিবাদের অংশ হিসেবে বাস্কেটবল গ্রাউন্ডে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। মোমবাতি দিয়ে সেখানে ‘৫৬’ সংখ্যাটি ফুটিয়ে তোলেন তারা। যার মাধ্যমে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের উপাচার্য হিসেবে ৫৬ দিনের মেয়াদ কালকে ফুটিয়ে তোলা হয়।
আরো পড়ুন: চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করলেন অনলাইনে
মশাল মিছিল নিয়ে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার গত ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিলো। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।