১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।
সুপারিশপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।
সাফল্যের অনুভূতি জানিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, ‘আমি ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং এই মাত্রই একাডেমিক পড়াশোনা শেষ করেছি। আমি আগে থেকেই বিজেএসের জন্য পড়াশোনা করছিলাম। তবে এমন ফলাফল আসলেই আমার জন্য আনন্দের ও কিছুটা আশ্চর্যের। ভগবানের কৃপা ও সবার দোয়া ছাড়া এ সাফল্য সম্ভব ছিল না। পরিশ্রমের ফল আজ হোক বা কাল, সবাই পাবে। আমি আমার ব্যাচ, বিশ্ববিদ্যালয়, শিক্ষকমণ্ডলী ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞ।’
এ বিষয়ে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, ‘প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত মোট পাঁচটি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এর আগে আমাদের তিনজন শিক্ষার্থী বিচারক হতে পেরেছে। তবে এবারই প্রথম একসঙ্গে পাঁচজন সুপারিশপ্রাপ্ত হলো। এর চেয়েও আনন্দের বিষয়, এবারই প্রথম আমাদের কোনো নারী শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করছি সঠিক সময়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া এবং সেশনজটমুক্তভাবে সময়মতো স্নাতক সম্পন্ন করানোর। এর ফলে তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় সময়মতো অংশগ্রহণের সুযোগ পেয়েছে। শিক্ষক হিসেবে এটুকুই আমাদের অর্জন। শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা তাদের পরিশ্রম ও প্রচেষ্টার ফল। তাদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, তারা জুডিশিয়াল সার্ভিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং তাদের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে পড়বে।’
উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।