২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯

চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা

চুয়েট লোগো  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলমের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অচলাবস্থা দীর্ঘায়িত না করে আবেগ পরিহার করে ঠাণ্ডা মাথায় আলোচনার মাধ্যমে দ্রুত যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী খন্দ আতাউর রহমান সান্টু এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলমের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করছে। অধ্যাপক ড. শেখ শরিফুল আলম চুয়েটেরই একজন গর্বিত এ্যালামনাই। তিনি তড়িৎ ও ইলেকট্রনিকস্ কৌশল বিভাগ থেকে (৯৬ ব্যাচ) মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং অধ্যাপক ড. শেখ শরিফুল আলম দুজনই চুয়েটের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ইতিপূর্বে ছাত্র থাকাকালীন সময়ে আমরাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। অচলাবস্থা দীর্ঘ হলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়। তাই আবেগ নয় বরং মাথা ঠান্ডা রেখে আলাপ-আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই।

উল্লেখ করা হয়, চুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থীর নিকট আমাদের প্রত্যাশা থাকবে যৌক্তিক আলোচনার মাধ্যমে তারা উদ্ভত পরিস্থিতির আশু সমাধান খুঁজবে। প্রয়োজনে এ্যালামনাইরাও সেই আলোচনায় অংশগ্রহন করে পাশে থাকবে। আমরা আরও গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি চুয়েট এ্যালামনাইয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিবৃতি প্রচারিত হচ্ছে। এসব বিবৃতির সাথে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন কোনোভাবেই সম্পৃক্ত নয়। চুয়েট আমাদের গর্ব, আমরা চুয়েটের সমৃদ্ধি ও একাডেমিক উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং চুয়েটের কল্যাণে সর্বদা ঐক্যবদ্ধ।