২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, পরিবারকে হত্যার হুমকি

হাবিপ্রবি অধ্যাপক মো. আবু সাঈদ ও বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক অধ্যাপকের কাছে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ নেতা পরিচয়ে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তার স্ত্রী-সন্তানকে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন ওই শিক্ষক।

ভুক্তভোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ হাবিপ্রবির কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে অধ্যাপক আবু সাঈদের মুঠোফোনে কল আসে। কলদাতা নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন’ হিসেবে পরিচয় দেন। প্রথমে তার কাছে ২৫ হাজার টাকা এবং পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

কলদাতার দাবি, তার কয়েকজন সহযোগী ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন এবং তাদের অস্ত্রোপচারের জন্য টাকার প্রয়োজন। তবে অধ্যাপক আবু সাঈদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে ওই ব্যক্তি ২০ থেকে ২৫ জন লোক পাঠিয়ে তার বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে তুলে নেওয়া এবং তাদের হত্যা করার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানোর পাশাপাশি পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, আজ দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করে এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। একপর্যায়ে আমার কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেয়। এ সময় আমার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি। যার জিডি নম্বর-২২৫১।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।