২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে নবনিযুক্ত উপাচার্য

অধ্যাপক ড. শেখ শরিফুল আলম।  © টিডিসি সম্পাদিত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ ও অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে উপাচার্য হিসেবে যোগদান করতে ইতোমধ্যে চট্টগ্রাম পৌছেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তার চট্টগ্রাম পৌছানোর বিষয়টি দ্য ডেইলি ক্যাাম্পাসকে নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই। 

তিনি বলেন, ‘আমি এখন চট্টগ্রাম শহরে আছি। যেকোনো সময় চুয়েটে দায়িত্ব গ্রহণ করতে যাব। খুব শীঘ্রই যোগদান করব।’

এর আগে আজ সকাল থেকে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ ও অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ‘গত ২১ তারিখ বিনা নোটিশে আমাদের আবু সাদাত সায়েম স্যারকে ভিসি পদ হতে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা ২১ তারিখ রাতেই বিক্ষোভ মিছিল করি। গতকাল ২২ তারিখ আমাদের কর্মসূচি হিসেবে চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজকে আমরা আমাদের আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি, যা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। ফলে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রয়েছে বলে জানা গেছে।