উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি। ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে চুয়েটের শিক্ষকবৃন্দ সহ কর্মকর্তা,কর্মচারীরা অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বসির জিসান বলেন, গতকাল আবু সাদাত সায়েম স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিং এ উপস্থিত ছিলেন।সেখান থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তিনি আর উপাচার্য পদে নেই। এটি অত্যন্ত অপমানজনক। আবু সাদাত সায়েম স্যার আমাদের স্বপ্ন দেখিয়েছেন কীভাবে একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এর জন্যই একজন উপাচার্যকে তার পদে পুনর্বহাল করার দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছে আমাদের শিক্ষার্থীরা। শিক্ষক সমাজও এতে যুক্ত হয়েছেন।আমরা আমাদের ড. আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল চাই।
এই প্রসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে থেকে গোলাম মোর্শেদ রাতুল জানান, আমাদের সায়েম স্যারকে অকারণে সরিয়ে দেয়ায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এতে শিক্ষকদের অংশগ্রহণকে আমরা সাধুবাদ জানাই।
মানববন্ধন শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতির ব্যানারে উপাচার্য ভবন থেকে র্যালি বের হয়,যেটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন