২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম  © সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে এ দুই সময়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটি কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন তিনি।

চুয়েটের নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।