লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ্রবি
আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইন বিটউইন থ্রেসহোল্ড’-এর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল ২০২৬-এ অংশ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ। প্রদর্শনীটি ১২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারে শুরু হয়েছে, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।
চলমান ‘গ্রামের হাওড় কোল্যাব-৬’ প্রকল্পের অংশ হিসেবে শাবিপ্রবির দুই শিক্ষক ও আর্কিটেকচার বিভাগের আট শিক্ষার্থী নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল লন্ডনে আয়োজিত নকশা ও প্রদর্শনীসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইফতেখার রহমান। তার সঙ্গে রয়েছেন সহযোগী অধ্যাপক কে. তৌফিক এলাহী।
বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ‘গ্রামের হাওড় কোল্যাব’ প্রকল্পের মাধ্যমে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির আর্কিটেকচার ও ডিজাইন বিভাগের মধ্যে যৌথ একাডেমিক উদ্যোগ শুরু হয়। এ উদ্যোগের আওতায় বাংলাদেশের হাওর অঞ্চলের পরিবর্তনশীল জনবসতি, ভূদৃশ্য এবং গ্রাম থেকে শহরমুখী রূপান্তর নিয়ে গবেষণা ও নকশা প্রস্তাব তৈরি করা হচ্ছে।
এবারের ‘গ্রামের হাওড় কোল্যাব-৬’ থেকে তৈরি দুটি প্রকল্প আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইন বিটউইন থ্রেসহোল্ড’-এর জন্য নির্বাচিত হয়েছে। প্রকল্প দুটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবুবক্কর সিদ্দিকী, একলস এনজি, মো. আরিফুর রহমান ও ফারহা মুন।
নির্বাচিত প্রকল্প দুটির মধ্যে ‘উইভিং ইন-বিটউইন’ প্রকল্পে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন কাঠামোকে কেন্দ্র করে মানুষ, বিভিন্ন কার্যক্রম ও স্থানকে সংযুক্ত করার ধারণা তুলে ধরা হয়েছে। স্থানীয় কারুশিল্পকে কেন্দ্র করে মানুষের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগের জন্য জনপরিসরের নতুন সম্ভাবনাও এতে অনুসন্ধান করা হয়েছে।
অন্য প্রকল্পটি ‘যেখানে প্রতিটি সুতোয় রয়েছে একটি গল্প, প্রতিটি সেলাইয়ে রয়েছে একটি স্মৃতি’। এতে গ্রামীণ বাঙালি গৃহস্থালি জীবনের নকশিকাঁথা, উঠান, বারান্দা ও নারীদের দৈনন্দিন কারুশিল্পচর্চার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে।
‘ইন বিটউইন থ্রেসহোল্ড’ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন শিল্পী ও আটটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ভারতের পুনের এমআইটি আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি এবং দুবাইয়ের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি।
প্রদর্শনীর সেট ডিজাইন করেছে ওএসএ স্টুডিও। কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষ গোয়েল। আয়োজনে ভারতের সিন্ড্রেবে স্কুল অব ডিজাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এবং আইএফজে প্লাস গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।
অধ্যাপক ইফতেখার রহমান জানান, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের হাওর অঞ্চলের ভূদৃশ্য, স্থানীয় কারুশিল্প ও স্থান ব্যবহারের সংস্কৃতিকে আন্তর্জাতিক নকশা ও স্থাপত্যবিষয়ক আলোচনায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ আরও বাড়বে বলে জানান তিনি।