ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প ও একটি স্মার্ট অ্যাপ জায়গা করে নিয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ। রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য, প্রাণীস্বাস্থ্য ও প্রযুক্তি খাতের এসব উদ্ভাবন দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও আগ্রহ তৈরি করেছে।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় পবিপ্রবির কৃষিপণ্য, প্রাণিস্বাস্থ্য, প্রাণিজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শিত হচ্ছে। এসব উদ্ভাবন আগত দর্শনার্থীদের নজর কেড়েছে।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির স্টল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন ও সংশ্লিষ্ট ডিনরা।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন।
মেলায় পবিপ্রবির শিক্ষক-গবেষকদের নির্বাচিত পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মো. সাজেদুল হকের নেতৃত্বে সামুদ্রিক মাছ দ্রুত, সব আবহাওয়ায় ও রাসায়নিকমুক্ত উপায়ে শুকানোর আইওটি-ভিত্তিক প্রযুক্তি Smart Fish Dryer। রয়েছে উপকূলীয় অঞ্চলের মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে তৈরি Nutri-Fish Powder (Idea & Process Map)।
এ ছাড়া সিএসই অনুষদের ইমামুল কবির আনান ও আরিফুল ইসলাম মাসুমের স্মার্ট রেন্ট ও হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাপ e-Nibash, রিফাত আল সাদ কায়সার ও মো. নুমান শেখের সোলার ও গ্রিড বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনার এআই প্ল্যাটফর্ম GridMind AI এবং অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম ও মো. আফ্রিদি আলম প্রান্তুর কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সেন্সরনির্ভর ফসল সুরক্ষা ও রোগ শনাক্তকরণ অ্যাপ AgDMM প্রদর্শিত হয়েছে।
প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে e-Nibash অ্যাপটি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আগ্রহ তৈরি করেছে। তারা অ্যাপটি সম্পর্কে যোগাযোগ করে অর্ডার দেওয়ার আগ্রহের কথা তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।