১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস

প্রতীকী ছবি  © সংগৃহীত

৩০ শিক্ষার্থী নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়া বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তবে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো শিক্ষার্থী আহত হননি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাঙ্গামাটি গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনের ঢালু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি ঢাল বেয়ে নিচে নামার সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কার ওপরে উঠছিল। সড়কটি সরু হওয়ায় দুই যানবাহনের কোনোটিই সহজে পাশ কাটাতে পারছিল না। একপর্যায়ে বাসটির ব্রেক কাজ না করায় সেটি পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও শিক্ষার্থীদের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বাসে থাকা রাবিপ্রবির শিক্ষার্থী পাপ্পু খেয়াং বলেন, ‘আমাদের বাসটির ব্রেক ভালো কাজ করে না। কারণ, দেয়ালে ধাক্কা লাগার পর যখন আবার স্টার্ট দেয়, তখনো বাসটি হঠাৎ করেই সামনের থামিয়ে দেয়। কেউ হতাহত হয়নি, তবে আজকে একপ্রকার বেঁচে গেছি বলা যায়।’

দুর্ঘটনার সময় বাসে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করেন, বাসচালক ছিলেন কম বয়সী ও অনভিজ্ঞ। তার দাবি, বাসটির ব্রেকেও সমস্যা ছিল। 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাবিপ্রবির পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘আমি দুর্ঘটনার কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। কোনোপ্রকার ক্ষয়ক্ষতি হয়নি। যদি আমাদের শিক্ষার্থীদের কোনোপ্রকার ক্ষয়ক্ষতি হতো, আমরা আমাদের পলিসি অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নিতাম।’

ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ফিটনেস সনদ ও চালকের লাইসেন্স যাচাই করে নিবন্ধিত গাড়িগুলোই ভাড়াবাস হিসেবে বাছাই করা হয়েছে। তাই ফিটনেসবিহীন বাস ব্যবহারের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

দুর্ঘটনায় কেউ আহত না হলেও বাসের ব্রেক নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবং চালকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নিয়মিতভাবে বাসের ব্রেক, ফিটনেস, চালকের লাইসেন্স ও দক্ষতা যাচাই করা হচ্ছে কি না এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।